দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার বাদীর ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
রোববার (২ আগস্ট) আসরের পর টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
পরিবারের দাবি, নাজিরপাড়ার আজিজুল হক মার্কিন হত্যা মামলার প্রধান আসামি ফরিদ আলম ও তার সহযোগীরা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাদীর ছোট ভাই মাওলানা নুরুল হকের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত নুরুল হককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, আজিজুল হক মার্কিন হত্যা মামলার প্রধান আসামি ফরিদ আলম টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।
পরিবারের আরও অভিযোগ, মামলার শুরু থেকেই বাদী ও ভিকটিমের পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন, হামলা, দোকানপাটে অগ্নিসংযোগ এবং একটি মাদ্রাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া হত্যা মামলার বাদী সাহাবউদ্দিন সাবু আদালতে সাক্ষ্য দিতে গেলে তাকে অন্য একটি মামলায় জড়ানোর চেষ্টাও করা হয়েছিল বলে দাবি তাদের।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
তবে এ ঘটনায় অভিযুক্ত ফরিদ আলমের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।